


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) প্রকাশিত এই ফল শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইন-দুই উপায়েই জানতে পারছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া লাখো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এবার দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তারা ৩১টি বিষয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা করেছেন।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে সহজ দুটি পদ্ধতি। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে NU ATHN লিখে রোল নম্বর দিয়ে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ডের ‘ফল’ অপশনে গিয়ে ফল দেখা ও ডাউনলোড করা যাচ্ছে।
এর আগে, গত ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভর্তি প্রক্রিয়া ও আসনসংখ্যা নিয়ে আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।
আবেদনের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি, আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়েও তিনি গুরুত্ব দেন। ভবিষ্যতে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা এবং আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও, গত বছর থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়ার নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে।