Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / আজই চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে যেসব ফোন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজই চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে যেসব ফোন

January 01, 2026 03:04:38 PM   দেশেরপত্র ডেস্ক
আজই চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে যেসব ফোন

বাংলাদেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার প্রক্রিয়া কার্যকর হবে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যক্রম চালুর সময়সূচি পিছিয়ে দিয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে অবিক্রীত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় এখন কার্যক্রম শুরু হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেট বন্ধ হবে না। ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই তালিকা জমা দেওয়া হলেও সেগুলোও বন্ধ হবে না।

প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের পাশাপাশি দেশে দুইটি নতুন হ্যান্ডসেট আনতে পারবেন। এনইআইআর-এ নিবন্ধনের জন্য তাদের তিন মাসের সময় দেওয়া হবে এবং এই সময় হ্যান্ডসেটগুলো সচল থাকবে। নিবন্ধনের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র ব্যবহার করা যাবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, যদি উপদেষ্টা পরিষদ হ্যান্ডসেট আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়, তবেই সম্পূর্ণভাবে এনইআইআর কার্যক্রম শুরু হবে।

এর আগে ১০ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবৈধ হ্যান্ডসেট বা ‘গ্রে মার্কেট’–এর ফোন বন্ধের প্রতিবাদে বিক্রেতারা বিক্ষোভ ও অবরোধ করেছিলেন। সেই ঘটনার পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখে। তবে বিটিআরসির একজন কর্মকর্তা জানিয়েছেন, এই স্থগিতের বিষয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালু করা হয়েছে অবৈধ হ্যান্ডসেট রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজারের বিশৃঙ্খলা কমানোর জন্য। কার্যক্রমে মূলত আইএমইআই, সিম নম্বর এবং আইএমএসআই যাচাই করা হয় এবং নেটওয়ার্ক সচল রাখা হয়। এটি কল রেকর্ড করে না, মেসেজ পড়ে না বা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করে না। তবে কেন্দ্রীয় ডেটাবেসে ডিভাইস ও সিম স্থায়ীভাবে সংযুক্ত হওয়ার কারণে নজরদারির সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এনইআইআর নিজে নজরদারির হাতিয়ার নয়, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে এটি নজরদারির সুযোগ তৈরি করতে পারে।