


৯০ হাজার ভক্তের অনুষ্ঠান থেকে ৩৩ বছরের অভিনয় জীবনের ইতি টানছেন থালাপতি বিজয়। তার বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’-এর গান প্রকাশ অনুষ্ঠান শনিবার মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।
গান প্রকাশ অনুষ্ঠানে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অগ্রণী তারকা বিজয় আবেগাপ্লুত কণ্ঠে জানান, শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠী বসবাস করছে। মালয়েশিয়ার সঙ্গে নিজের এবং তামিল সিনেমার গভীর সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, তার ‘বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলির শুটিং এই মাটিতেই হয়েছে। অনুষ্ঠান চলাকালে ভক্তদের উন্মাদনার জবাবে বিজয় তাদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।
গত বছর বিজয় নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন এবং আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। রাজনীতির মাধ্যমে সরাসরি মানুষের সেবা করতে তিনি অভিনয় থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিজয় বলেন, “এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর। আগামী ৩০-৩৩ বছর আমি মানুষের পাশে থাকতে প্রস্তুত। ভক্তদের এই ভালোবাসার ঋণ আমি এভাবেই শোধ করতে চাই।”
অভিনয় জীবনের শুরুতে বিভিন্ন সমালোচনা সইলেও ভক্তরাই তাকে ‘বালুর ঘর’ থেকে আজকের ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন বলে উল্লেখ করেন বিজয়। তিনি সফলতার মূলমন্ত্রের সঙ্গে সম্পর্কিত চমকপ্রদ মন্তব্যও করেন, বলেন, “জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রুর বেশি প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।” পাশাপাশি, কাউকে কষ্ট না দেওয়ার এবং ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষভাগে সিনেমার ‘থালাপতি কাচেরি’ গানে বিজয়ের নাচ দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ধরা দেয়। এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে। ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিথা বাইজু।