Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / ১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে আইডিয়া অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি উদ্যোক্তা মাহমুদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে আইডিয়া অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি উদ্যোক্তা মাহমুদ

May 19, 2026 07:10:37 PM   দেশেরপত্র ডেস্ক
১২৬ জাপানি প্রতিষ্ঠানকে হারিয়ে আইডিয়া অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি উদ্যোক্তা মাহমুদ

জাপানের অত্যন্ত প্রতিযোগিতামূলক ব্যবসায়িক অঙ্গনে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। দেশটির মর্যাদাপূর্ণ ‘৪র্থ সাইতামা নিউ বিজনেস অ্যাওয়ার্ড’-এ অংশ নেওয়া ১২৬টি জাপানি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে তার প্রতিষ্ঠান ‘গ্রোথ পার্টনার্স’। উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনার জন্য প্রতিষ্ঠানটি অর্জন করেছে ‘বিজনেস আইডিয়া অ্যাওয়ার্ড’।

জাপানের সাইতামা শহরে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মঙ্গলবার (১৮ মে) মাহমুদ হাসানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রতি আসরে কেবল একটি প্রতিষ্ঠানকেই এই একক আইডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা এটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

মাহমুদ হাসানের প্রতিষ্ঠান গ্রোথ পার্টনার্স তাদের উদ্ভাবনী ব্যবসায়িক মডেল, বাস্তবমুখী পরিকল্পনা এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়। এই সাফল্যের মাধ্যমে তারা স্থানীয় ১২৬টি প্রতিযোগী জাপানি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করে।

বিচারকমণ্ডলী জানান, গ্রোথ পার্টনার্স-এর ব্যবসায়িক পরিকল্পনা প্রযুক্তি, মানবসম্পদ এবং উদ্যোক্তা উন্নয়নের সমন্বয়ে ভবিষ্যতে বড় ধরনের প্রবৃদ্ধি ও সামাজিক প্রভাব তৈরির সম্ভাবনা রাখে।

পুরস্কার গ্রহণ করে মাহমুদ হাসান বলেন, এটি পুরো টিমের সম্মিলিত অর্জন। জাপানের মতো উচ্চ প্রতিযোগিতামূলক ও মানসম্পন্ন বাজারে বাংলাদেশের নাম তুলে ধরতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তিকে আরও শক্তভাবে উপস্থাপন করা।

এই প্রতিযোগিতার আয়োজন জাপানের অর্থনৈতিক ও প্রশাসনিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এর পৃষ্ঠপোষকতায় ছিল কান্টো ব্যুরো অব ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, সাইতামা প্রিফেকচার ও সাইতামা সিটি। পাশাপাশি জাপানের শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এতে যুক্ত ছিল।

এছাড়া এই সাফল্য জাপানের গণমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ‘দ্য সাইতামা শিম্বুন’, ‘ওমিয়া ইকোনমিক নিউজ’ এবং ইয়াহু নিউজসহ বিভিন্ন মাধ্যম এই অর্জনকে গুরুত্বসহকারে প্রকাশ করে।

সাফল্যের ধারাবাহিকতায় মাহমুদ হাসান জাপানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জে:কম-এর ‘জিমোতো টপিকস প্লাস’ টকশোতেও অতিথি হিসেবে অংশ নেন, যা একাধিক অঞ্চলে সম্প্রচারিত হয়।

সব মিলিয়ে জাপানের ব্যবসায়িক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বড় অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।