Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / হজযাত্রীর দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হজযাত্রীর দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী!

April 28, 2026 06:14:15 PM   দেশেরপত্র ডেস্ক
হজযাত্রীর দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী!

হজ পালনের উদ্দেশে যাত্রা করা বাচ্চু মিয়া (৬২) নামের এক হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত এই হজযাত্রীর মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের যাবতীয় দায়িত্ব নিয়েছেন তারেক রহমান

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী ও সহযাত্রীদের সঙ্গে গাড়িযোগে হজক্যাম্পে পৌঁছান বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়লে স্বেচ্ছাসেবকরা তাকে দ্রুত হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইকবাল তার অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ তার নিজ গ্রাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়া এলাকায় পাঠানো হয়েছে। মরদেহবাহী গাড়িতে মরহুমের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

সহযাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসার পথেই বাচ্চু মিয়া অসুস্থতা অনুভব করছিলেন। পথিমধ্যে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তার মৃত্যুতে পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।