Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন

April 28, 2026 06:39:54 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন
 

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থিত ‘মেসার্স সায়েম ট্রেডার্সের গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই গুদামে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও সেখানে উপস্থিত ছিল।

গুদামটির স্বত্বাধিকারীর ছেলে ডা. রায়হান জানান, বাসায় খাবার খাওয়ার সময় গুদাম থেকে ধোঁয়া ওঠার খবর পান। ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক স্পার্ক দেখতে পান। গুদামে বিদেশ ও দেশের বিভিন্ন স্থান থেকে আনা খেজুর বাছাই ও প্যাকেটজাত করা হতো।

তিনি আরও জানান, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন ছিল। ভেতরে থাকা বিপুল পরিমাণ আমদানিকৃত খেজুর, দুটি প্যাকেজিং মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

বগুড়া ফায়ার সার্ভিস-এর সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে বগুড়া সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হঠাৎ আগুন লাগার পর তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে।