


পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এ ঘটনায় হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধুমাত্র পবিত্র মক্কায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩২ হাজার ৪৮২ জন।
এ পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
যাত্রী পরিবহনের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে গেছেন ৭ হাজার ৫৪৯ জন।
এদিকে হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যক্রম চলাকালীন সময়ে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।