Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / ধর্ম / হজ ঘিরে সৌদির কঠোর সিদ্ধান্ত, না মানলে বড় শাস্তি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হজ ঘিরে সৌদির কঠোর সিদ্ধান্ত, না মানলে বড় শাস্তি!

April 19, 2026 02:52:42 PM   আন্তর্জাতিক ডেস্ক
হজ ঘিরে সৌদির কঠোর সিদ্ধান্ত, না মানলে বড় শাস্তি!

হজ মৌসুম সামনে রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ, ভিসা নীতিমালা কঠোর করা এবং অবৈধভাবে হজ পালনের চেষ্টা রোধে দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করলে আর্থিক জরিমানা, নির্বাসনসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নির্দেশনা অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। অনুমতি ছাড়া কেউ প্রবেশ বা অবস্থান করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসা বা অন্য কোনো সাধারণ ভিসাধারী কেউ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশের চেষ্টা করলে কঠোর শাস্তি দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।

এছাড়া অবৈধভাবে হজ পালনের চেষ্টা করে ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে নির্বাসিত করা হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নতুন নিয়মের অংশ হিসেবে ওমরাহযাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ছিল তাদের জন্য দেশ ছাড়ার শেষ দিন।

এর আগে ১২ এপ্রিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট জানায়, হজ পালনের জন্য একমাত্র বৈধ হজ ভিসাই গ্রহণযোগ্য। ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা বা ওমরাহ ভিসা ব্যবহার করে কেউ হজ করতে পারবেন না।

কর্তৃপক্ষ বলছে, এসব কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখা, ভিড় নিয়ন্ত্রণ করা এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।