


মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, যাতে চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করা হয়।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (১ এপ্রিল) প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে বর্তমানে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতি লক্ষ্য করে কর্তৃপক্ষ সব প্রবাসীকে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে মিসাইল বা ড্রোন প্রতিরোধের পর মাটিতে পতিত হওয়া যে কোনো সামগ্রী বা পরিস্থিতির ছবি, ভিডিও ধারণ, আদান-প্রদান বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি আইন ও নিয়মাবলীর প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীরা যেন কোনোভাবে যুদ্ধ সংক্রান্ত ছবি বা ভিডিও মোবাইলে সংরক্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা বন্ধু-বান্ধবের সঙ্গে ভাগ না করেন। ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মে এমন ধরনের কোনো কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসীকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। লক্ষ্য রাখতে হবে, নিয়মভঙ্গের কারণে সৌদি আইন অনুযায়ী গুরুতর শাস্তি প্রদানের সম্ভাবনা রয়েছে।