


মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক আলোড়ন তুলেছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। নানা বিতর্কের মধ্যেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। তবে বিপুল আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়েছে সিনেমাটি—এমনটাই দাবি করেছেন ছবির পরিবেশক।
বিশ্বের একাধিক দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ‘ধুরন্ধর’-এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়। পরিবেশকের দাবি, এই নিষেধাজ্ঞার কারণে বিদেশের বাজারে ছবিটির সম্ভাব্য আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পরিবেশক পর্ণব কাপাডিয়া জানান, শুধু মধ্যপ্রাচ্যের বাজারে মুক্তি না পাওয়ার কারণেই ছবিটির প্রায় ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ আনুমানিক ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তার মতে, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে—অ্যাকশন ঘরানার সিনেমাগুলো মধ্যপ্রাচ্যে বরাবরই ভালো ব্যবসা করে। তাই এই অঞ্চলে মুক্তি পেলে ছবিটির আয় আরও বাড়তে পারত বলে তিনি মনে করেন।
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রতিটি দেশের নিজস্ব নিয়ম-কানুন ও দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সেগুলোকে সম্মান জানানোই সঠিক পথ। তিনি বলেন, এটি প্রথম কোনো ছবি নয় যা ওই অঞ্চলে মুক্তি পায়নি; এর আগেও একাধিক ভারতীয় সিনেমা একই পরিস্থিতির মুখে পড়েছে। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ‘ধুরন্ধর’ অন্যান্য বাজারেই দর্শকের কাছে পৌঁছেছে।
পরিবেশক আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে মুক্তির কারণে অনেক দর্শক ছুটিতে বিদেশ ভ্রমণে ছিলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় যাওয়া পর্যটকরা সেখানে ছবিটি দেখার সুযোগ পেয়েছেন, যা আয়ের ক্ষেত্রে কিছুটা সহায়ক হয়েছে।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে মুক্তি পায়নি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিনেমাটি ২০২৫ সালের বিদেশের বাজারে সবচেয়ে সফল ভারতীয় সিনেমাগুলোর একটি হিসেবে উঠে এসেছে। মাত্র ২৬ দিনে বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭.৫ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই এসেছে ১৭ মিলিয়ন ডলার।
সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় এখন পর্যন্ত ১১০১ কোটি রুপিতে পৌঁছেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী ও শিশু অভিনেত্রী সারা অর্জুন।
এদিকে ছবিটির সাফল্যের পর দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সিক্যুয়াল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, ‘ধুরন্ধর’-এর পরবর্তী পর্ব ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।