


সাফ নারী ফুটসাল-২০২৬ টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩–৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। ম্যাচজুড়ে দুইবার পিছিয়ে পড়েও দারুণ লড়াই ও মানসিক দৃঢ়তা দেখিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নেয় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরুতেই প্রথম গোল করে এগিয়ে যায় ভুটান। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে সুমাইয়া মাতসুসিমার নেওয়া অসাধারণ দূরপাল্লার শটে সমতায় ফেরে দল। প্রথমার্ধের শেষ পর্যন্ত দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায় এবং ১–১ সমতায় বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। সেই সুযোগে ভুটান টানা দুই গোল করে ম্যাচে আবার এগিয়ে যায়। তবুও হাল ছাড়েনি বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের গুরুত্বপূর্ণ গোলে ব্যবধান কমে আসে। এরপর মাসুরা পারভীনের গোল ম্যাচে সমতা ফেরায়।
ম্যাচের শেষদিকে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি শেষ হয় ৩–৩ সমতায়।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী ভারতকে ৩–১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল। অন্যদিকে ভুটান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে।
ছয় দল অংশ নেওয়া এই সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল শিরোপা জিতবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের নারী দল সংগ্রহ করেছে ৪ পয়েন্ট, আর পুরুষ দল পেয়েছে ১ পয়েন্ট।