


যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উভয়ের মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলছিল।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে স্বজনরা অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় পুরো নওয়াপাড়া এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।
পরে ব্যবসায়ীদের উদ্যোগে হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।