


বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকতার ঘাটতিতে ভুগছে। সীমিত ওভারের ক্রিকেটে তুলনামূলক ভালো পারফর্ম করলেও টেস্টে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় উন্নতির লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, চলমান চক্রে শীর্ষ পাঁচে থেকে শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, গত দুই বছরে দলের পারফরম্যান্সে উন্নতি হয়েছে এবং সেটাকে আরও এগিয়ে নিতে চান তারা।
শান্ত বলেন, গত চক্রে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ নম্বরে থেকে শেষ করেছিল, যা তাদের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। তবে এবার লক্ষ্য আরও বড়। তার ভাষায়, “আমরা যদি আগের চেয়ে ভালো করতে পারি, তাহলে চার বা পাঁচে শেষ করাটাই আমাদের জন্য বড় অর্জন হবে।”
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরেই পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিল। প্রথম দুই চক্রে দলটি ৯ নম্বরে অবস্থান করেছিল। গতবার তুলনামূলক উন্নতি করে ৭ নম্বরে শেষ করে টাইগাররা।
তবে এবারের চক্রে চ্যালেঞ্জ আরও কঠিন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। এই পরিস্থিতিতে শীর্ষ পাঁচে থাকা কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করছেন অধিনায়ক।
শান্ত বলেন, সামনে বেশ কিছু কঠিন সিরিজ রয়েছে, বিশেষ করে বিদেশের মাটিতে খেলা নতুন অভিজ্ঞতা হবে দলের জন্য। তিনি মনে করেন, ঘরের মাঠের সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সেখানেই ভালো ফল করার ওপর নির্ভর করবে পুরো চক্রের অবস্থান।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী উইকেট প্রস্তুত করাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই হোম সিরিজগুলোতে পরিকল্পিতভাবে এগোনোর ওপর জোর দিচ্ছেন তারা।
বর্তমানে চলমান ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৮ নম্বরে অবস্থান করছে। এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে কোনো জয় পায়নি দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট ড্র করলেও পরের ম্যাচে হেরে যায় টাইগাররা।
এবারের চক্রে বাংলাদেশের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ, তবে অধিনায়ক শান্ত আশাবাদী-সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক পারফরম্যান্স থাকলে শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়াও সম্ভব।