


বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রি করার অপরাধে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, শহরের করোনেশন স্কুলের পাশে মা এন্টারপ্রাইজ নামক অটোমোবাইলের দোকানে কোনো ধরণের অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। প্রতিষ্ঠানটি খোলা বাজারে ২০০ টাকা লিটার দরে এসব তেল বিক্রি করছিল, যা আইনত দণ্ডনীয়।
তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিস্ফোরক পরিদপ্তর কিংবা ফায়ার সার্ভিসের কোনো বৈধ লাইসেন্স নেই। নিয়ম ভেঙে অবৈধভাবে তেল মজুত রাখা এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে দোকানের মালিক বিপ্লবকে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরণের তদারকি কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।