


আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কেউই। দীর্ঘদিন ধরেই দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে বেশ কয়েকজন সংগীত ও চলচ্চিত্র তারকার নাম শোনা যাচ্ছিল। বিশেষ করে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নাম ছিল আলোচনায়।
এ ছাড়াও গায়ক আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, অভিনেতা হেলাল খান এবং সংগীতশিল্পী শিবা সানুর নামও বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসে সম্ভাব্য প্রার্থী হিসেবে। তবে শেষ পর্যন্ত বিএনপির প্রকাশিত মনোনয়ন তালিকায় তাদের কারো নামই পাওয়া যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই তালিকাতেই স্পষ্ট হয়, এবার শোবিজ অঙ্গনের কোনো তারকাই বিএনপির মনোনয়ন পাচ্ছেন না।