Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ছেলের কবরেই রাত কাটাচ্ছেন বাবা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছেলের কবরেই রাত কাটাচ্ছেন বাবা!

April 22, 2026 10:23:03 AM   দেশেরপত্র ডেস্ক
ছেলের কবরেই রাত কাটাচ্ছেন বাবা!

বজ্রপাতে নিহত ছেলের মরদেহ চুরির আশঙ্কায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রাত জেগে কবর পাহারা দিচ্ছেন এক বাবা। গত বৃহস্পতিবার মারা যাওয়া যুবক আরাফাত খানকে কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফনের পর থেকেই এই পাহারার ব্যবস্থা করেছে তার পরিবার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কবরের পাশেই বসে আছেন তার বাবা জসিম খান। ছেলের কবর রক্ষায় নিজের অসুস্থতা উপেক্ষা করেই তিনি এই দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, পেশায় দর্জি আরাফাত গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই দিনে ওই উপজেলায় আরও একজন কিশোরেরও মৃত্যু হয়। ছেলের কবর পাহারার কারণ হিসেবে জসিম খান জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিদের লাশ বা কঙ্কাল চুরির ঘটনা সম্পর্কে লোকমুখে শোনা আতঙ্ক থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “সবসময় নিজে থাকতে পারি না বলে ধার করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। অভাবের সংসারে বাড়তি এই খরচ চালানো খুব কষ্টকর। প্রশাসন যদি কবরস্থানের নিরাপত্তার ব্যবস্থা করত, তাহলে কিছুটা স্বস্তি পেতাম।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারটির মানসিক চাপ কমাতে কবরস্থানের নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।