Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ফের শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফের শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

January 18, 2026 09:32:21 AM   দেশেরপত্র ডেস্ক
ফের শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

পিরোজপুরের নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী আজাহারুল ইসলাম টুটুলের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

অনুষ্ঠানে সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম টুটুল, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মো. এনামুল হক রতন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীনসহ দলীয় নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চন্দ্র হালদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপির কোনো বিকল্প নেই। সে কারণেই জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দলে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগ দিয়েছেন।

বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইনামুল হক রতন বলেন, নেছারাবাদ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ভোটার সংখ্যা প্রায় ৪০ শতাংশ। তারা দীর্ঘদিন ধরেই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন বলে তিনি জানান এবং তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই বলদিয়া ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন বিএনপিতে যোগদান করেছেন বলে তিনি উল্লেখ করেন।