


ফেনী শহরে এক নারীকে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক রুবেল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত ২০ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে ফেনী মডেল থানার মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক তাকে দেখে অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। নারী তাকে ভদ্র আচরণ করতে বললে সে আরও নোংরা মন্তব্য করে। একপর্যায়ে ওই চালক তার বিকৃত লালসা চরিতার্থ করতে পরিহিত লুঙ্গি উঁচিয়ে ধরে আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এই পুরো ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনায় ২২ এপ্রিল ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা বাদীর ধারণ করা ভিডিও পর্যালোচনা করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করেন।
এরপর পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার রুবেল খান (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মো. খোকনের ছেলে। সে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব উকিল পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত। স্থানীয়ভাবে সে হাত কাটা রুবেল হিসেবে পরিচিত।
ফেনী মডেল থানার পুলিশ জানিয়েছে, রুবেলকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।