


পুলিশের পোশাকে পরিবর্তন, মাদক নির্মূলে জোরালো অভিযান এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ—এমন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পুলিশ ইউনিফর্ম নিয়ে বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ রয়েছে। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্ট আগের মতোই বহাল থাকছে, তবে প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, শুধু ব্যবহারকারী নয়—মাদক ব্যবসার মূল হোতা, বড় চোরাচালানকারী এবং সীমান্ত বা দেশের অভ্যন্তরে সক্রিয় সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী।
শীর্ষ সন্ত্রাসীদের প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি অনেক দাগি আসামি আদালত থেকে জামিনে বের হয়েছেন। যদিও জামিন দেওয়া আদালতের বিষয়, তবে এসব সন্ত্রাসীর গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে নতুন করে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে সর্বোচ্চ সংখ্যক আইন প্রণয়ন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে, যা সংসদীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক।
জঙ্গি ইস্যুতে বক্তব্যের ভিন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। অন্য কোনো বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।