


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছেন। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সামনে এনে তিনি জানান, তার শরীরে প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল, যা ইতোমধ্যে চিকিৎসার মাধ্যমে অপসারণ করা হয়েছে। বিষয়টি এতদিন গোপন রাখার পেছনে রাজনৈতিক কারণও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নেতানিয়াহুর এই তথ্য প্রকাশ পায়। ৭৬ বছর বয়সী এই নেতা জানান, প্রায় দুই মাস আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হলেও তিনি ইচ্ছাকৃতভাবে তা প্রকাশ করেননি। তার ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ইরান যেন এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি প্রতিবেদন প্রকাশে বিলম্ব করেন।
চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করান নেতানিয়াহু। এরপর নিয়মিত ফলোআপ পরীক্ষার সময় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, টিউমারটি খুবই প্রাথমিক পর্যায়ের ছিল এবং শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। অন্যান্য পরীক্ষার ফলাফলও স্বাভাবিক ছিল, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণযোগ্য বলে ইঙ্গিত দেয়।
নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যেই তিনি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
এই ঘোষণার মাধ্যমে নেতানিয়াহু তার স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও দায়িত্ব পালনে তিনি প্রস্তুত আছেন।