Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

April 24, 2026 09:52:43 PM   অনলাইন ডেস্ক
মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থী ঈশিতা আক্তার তিশা (১৮) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ-এর এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন-এর। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেন ঈশিতা।

পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদে ঈশিতা অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

বগুড়া সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নিপা খাতুন তার খালা এবং সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি প্রক্সি দিতে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে নিপা খাতুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।