Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ছাই ২০ ঘর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ছাই ২০ ঘর!

May 13, 2026 07:02:09 PM   অনলাইন ডেস্ক
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ছাই ২০ ঘর!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের অন্তত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বহু পরিবারের স্বপ্ন ও বছরের পর বছর ধরে গড়ে তোলা সহায়-সম্বল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়িতে দেলোয়ার হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুপুরের দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী আগুনের তাণ্ডবে ১১টি পরিবারের মোট ২০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন- মকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইউব আলী, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুনসহ তাদের স্বজনরা।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কিছুই রক্ষা করতে পারিনি। আমাদের সব শেষ হয়ে গেছে।”

আরেক ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন বলেন, “দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাণ্ডবে আমাদের ঘরের কোনো জিনিসপত্র অবশিষ্ট নেই। আমরা এখন একেবারে নিঃস্ব।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালান।

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আগুনে উত্তর সাহেবগঞ্জ গ্রামের অন্তত ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”