Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা, কবে উদযাপিত হবে পবিত্র ঈদ? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা, কবে উদযাপিত হবে পবিত্র ঈদ?

May 12, 2026 08:30:03 PM   আন্তর্জাতিক ডেস্ক
কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা, কবে উদযাপিত হবে পবিত্র ঈদ?

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির ক্যালেন্ডার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে, বুধবার। এ ঘোষণা ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিমদের মধ্যে ঈদ প্রস্তুতির আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে জিলহজ মাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। আর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সেটি হবে রোববার রাত ১২টা ২ মিনিটে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শনিবার সূর্যাস্তের আগ পর্যন্ত নতুন চাঁদের জন্ম না হওয়ায় ওইদিন কাতারসহ অধিকাংশ আরব ও ইসলামি দেশের আকাশে চাঁদ দেখা সম্ভব হবে না।

এ কারণেই কাতার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবেই ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

কাতার ক্যালেন্ডার হাউস আরও জানিয়েছে, ইসলামি মাস নির্ধারণ সম্পূর্ণভাবে চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের মাধ্যমে হিজরি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। অন্যদিকে গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার নির্ধারিত হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ভিত্তিতে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পাশাপাশি চাঁদ দেখার ওপরও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। ফলে বিভিন্ন দেশে স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখে সামান্য পার্থক্য হতে পারে।

সূত্র: খালিজ টাইমস, কাতার নিউজ এজেন্সি