Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হলো - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হলো

January 16, 2026 11:09:06 AM   অনলাইন ডেস্ক
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হলো

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির খবর এসেছে শিক্ষা বোর্ড থেকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ সময় ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসাবে এ বছর পরীক্ষা শুরু হচ্ছে ১১ দিন দেরিতে। পাশাপাশি পরীক্ষার মাঝখানে ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।