Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / এলপিজি আমদানিতে নতুন ঋণ সুবিধা সংক্রান্ত নির্দেশনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এলপিজি আমদানিতে নতুন ঋণ সুবিধা সংক্রান্ত নির্দেশনা

January 12, 2026 01:33:15 PM   অনলাইন ডেস্ক
এলপিজি আমদানিতে নতুন ঋণ সুবিধা সংক্রান্ত নির্দেশনা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক নতুন নীতি সহায়তা ঘোষণা করেছে। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে গার্হস্থ্য ব্যবহারের জন্য সিলিন্ডারে বোতলজাত করা হয়। এই প্রক্রিয়ায় সংরক্ষণ, বোতলজাতকরণ এবং অন্যান্য পরিচালন কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় আমদানিকারকদের একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এলপিজি সরবরাহকারী বা ক্রেতা ঋণের অধীনে আমদানির জন্য এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করতে পারবে। সেই অনুযায়ী, সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহারের শর্তে এলপিজি আমদানির অনুমতি দেওয়া যাবে।

এছাড়া, সরবরাহকারীদের কাছ থেকে ট্রেড ক্রেডিট গ্রহণের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে (এডি ব্যাংক) পরামর্শ দেওয়া হয়েছে যেন বৈদেশিক মুদ্রা সংক্রান্ত প্রযোজ্য বিধি ও বিচক্ষণ ঋণনীতির আওতায় বিদেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা নেওয়া যায়। পাশাপাশি, বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ)-এর মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যাবে।

এর আগে, গত ২৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিনের ইউজান্স পিরিয়ডের সুবিধা দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে এখন এলপিজি আমদানিকারকরাও একই সুবিধা ভোগ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেশে কার্যরত সব অনুমোদিত ডিলারের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।