Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে নতুনধারার বিক্ষোভ ও কুশপতুল দাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে নতুনধারার বিক্ষোভ ও কুশপতুল দাহ

May 08, 2026 04:22:07 PM   জেলা প্রতিনিধি
৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে নতুনধারার বিক্ষোভ ও কুশপতুল দাহ

৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুশপতুল দাহ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার ৮ মে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি তার বক্তব্যে বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু বিচারহীনতার কারণে এই অপরাধ থামছে না। যদি ৩ মাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করা যেত, তবে দেশের কোথাও মা-বোনদের ওপর এমন নির্যাতন হতো না। তিনি অভিযোগ করেন যে গত ১৩ বছর ধরে তারা এই দাবি জানিয়ে আসলেও কোনো সরকারই কার্যকর কোনো আইনি পদক্ষেপ নেয়নি। সরকার পরিবর্তন হলেও অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ধরণ বদলায়নি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী। শ্রমিক নেতা বাবুল মিয়া ও হাশেম মোল্লাসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। সংহতি প্রকাশ করেন লেখক প্রত্যয় জসীম, সৈয়দ মঈনুদ্দীন টিপু ও শফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন জোটের নেতারা ধর্ষকদের উসকানি দিচ্ছেন। এনসিপি নেতাদের বিরুদ্ধে নিজ দলের নারীদের লাঞ্ছিত করার চেষ্টা এবং জামায়াত আমীরের বিতর্কিত আচরণের তীব্র সমালোচনা করেন তারা।

মোমিন মেহেদী সরকারের উদ্দেশ্যে বলেন, যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনমনে অস্থিরতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বিতর্কিত ৭৪ জন এমপির বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করার দাবি জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা নষ্টকারী সাবেক সরকারের উপদেষ্টাদেরও বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। বিএনপি সরকার যদি এদের বিচার না করে তবে জনগণ ক্ষমা করবে না।

এছাড়া হরমুজ প্রণালিতে তেলের জাহাজ আটকে রাখার ঘটনায় মামুনুল হকের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে মোমিন মেহেদী বলেন, এই ঘটনার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র আছে কি না তা খুঁজে বের করতে হবে। এই রহস্য উন্মোচনে যথাযথ তদন্ত ও তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে কুশপতুল দাহর মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।