


নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন— চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এ ঘটনায় আরও দুইজনের নাম উঠে এসেছে। তারা হলেন সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল দেলুয়াবাড়ি বাজার এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় তারা খবর পান, চক সাবাই গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে।
খবরের সত্যতা যাচাই করতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় দুই নারীকে আটক করা হলেও বাড়িতে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পরে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি চালিয়ে একটি অ্যালুমিনিয়ামের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রাখা মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার সান্যাল বলেন, আটক ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।