


কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে পাকা বোরো ধান পানিতে তলিয়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফসল নষ্ট হওয়ার শোকে এই করুণ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আক্তার হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শনিবার (২ মে) সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আক্তার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোছা. নাছিমা আক্তার জানান, নিজের চোখে ধানক্ষেত পানির নিচে ডুবে যেতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, আক্তার হোসেন প্রায় ৩ একর জমিতে বোরো ধান চাষ করেছিলেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে হাওড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তার অধিকাংশ ফসল নষ্ট হয়ে যায়। কিছু ধান কাটলেও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারেননি।
স্বজনদের দাবি, প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন তিনি। ফসল নষ্ট হয়ে যাওয়ার পর তিনি চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। বিকেলে জমিতে গিয়ে পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে নতুন করে আরও প্রায় ২ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর।
কৃষি কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড় এলাকায়, যেখানে কৃষকদের বড় একটি অংশ ফসল হারিয়ে বিপাকে পড়েছেন।