Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নৃশংসতা: ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা-স্বর্ণ লুট! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নৃশংসতা: ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা-স্বর্ণ লুট!

May 03, 2026 02:44:16 PM   অনলাইন ডেস্ক
নৃশংসতা: ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা-স্বর্ণ লুট!
 

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থায় সমীরণ বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাড়া করা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। ঘটনার পর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে অভিযুক্তরা। রোববার (৩ মে) সকালে উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমীরণ বেগম স্থানীয় আবদুল বাতেন মোল্লার স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে চারজন ধান কাটার শ্রমিক ভাড়া করেন আবদুল বাতেন মোল্লা। শনিবার তাদের মধ্যে একজন পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এরপর রাতে বাকি শ্রমিকরা আরও একজনকে নিয়ে আসে এবং বাড়ির একটি কক্ষে রাতযাপন করে।

রাতে সমীরণ বেগম নিজ কক্ষে এবং তার স্বামী পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে শ্রমিকদের খুঁজে না পেয়ে সন্দেহ করেন। পরে সমীরণ বেগমের কক্ষে গিয়ে দেখেন তার হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় প্যাঁচানো অবস্থায় নিথর দেহ পড়ে আছে।

নিহতের ছেলে বশির মোল্লা জানান, তার মা প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করতেন। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে না ওঠায় খোঁজ নিতে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবদুল বাতেন মোল্লা এলাকার একজন স্বচ্ছল ব্যক্তি। প্রতি বছরই তিনি ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্রমিক এনে জমির কাজ করান। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে শ্রমিকরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরাই এই হত্যার সঙ্গে জড়িত। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।