Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / কৃষি সংবাদ / হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: মন্ত্রী

May 04, 2026 04:11:30 PM   অনলাইন ডেস্ক
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: মন্ত্রী

হাওড় অঞ্চলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে সরকার। আগামী তিন মাস ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ক্ষতির পরিমাণ বিবেচনায় কৃষকদের প্রতি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস ধরে চলবে।

তিনি আরও জানান, হাওড় অঞ্চলের কৃষকদের দ্রুত পুনর্বাসন ও উৎপাদন ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

জবাবে কৃষিমন্ত্রী জানান, এই সংকট সমাধানে সরকার আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে।

এছাড়া কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কোরবানির গরুর কোনো ঘাটতি নেই এবং বাজারে সংকট সৃষ্টির আশঙ্কাও নেই। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই বলেও সরকার আশ্বস্ত করছে।