


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভবানীপুর আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে চলমান এই লড়াইয়ে একাধিকবার লিড পরিবর্তন হওয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছে।
ভবানীপুর আসনের ভোট গণনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মোট ১৭ হাজার ২৪৪ ভোট। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮ হাজার ৭৬২ ভোট।
তবে দ্বিতীয় রাউন্ডের গণনায় পরিস্থিতি কিছুটা বদলে যায়। ওই দফায় শুভেন্দু অধিকারী ১৫৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে যান, ফলে লড়াই আরও জমে ওঠে।
এর আগে প্রথম রাউন্ডের গণনায় ১৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি পেয়েছিলেন ৩৬৬৬ ভোট, আর শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ১৬৭০ ভোট।
ভোট গণনার অগ্রগতি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নবম বা দশম রাউন্ডের পরই আসল চিত্র স্পষ্ট হবে। ফলে এখনও একাধিক দফার গণনা বাকি থাকায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
উল্লেখযোগ্যভাবে, শুভেন্দু অধিকারী এই নির্বাচনে ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রামে তিনি বর্তমানে এগিয়ে রয়েছেন। দুই আসনে জয়ী হলে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, যার ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।