Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দুপুর পর্যন্ত ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুপুর পর্যন্ত ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি!

May 04, 2026 03:21:20 PM   আন্তর্জাতিক ডেস্ক
দুপুর পর্যন্ত ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ভোট গণনার সর্বশেষ প্রবণতায় দেখা যাচ্ছে, কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে দীর্ঘদিন রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, দুপুর দুইটা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯৪টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রায় ৯৪টি আসনে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। সেই হিসেবে বর্তমান প্রবণতা অনুযায়ী বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ে দুই শিবিরেই চলছে পাল্টাপাল্টি মন্তব্য। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।”

অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছেন যে, গণনা এখনো শেষ হয়নি এবং চূড়ান্ত ফল না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত বলা যাবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফলাফলে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। তাই শেষ মুহূর্তের হিসাবই নির্ধারণ করবে রাজ্যের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাচ্ছে।