


আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। অভিযোগ অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে নির্ধারিত সময় মাঠে না নামায় কোম্পানিটি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে।
গত বছরের ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে, যেখানে শর্ত ছিল—ইনজুরি না থাকলে মেসি অন্তত ৩০ মিনিট করে দুই ম্যাচেই খেলবেন।
চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির মাঠে নামার কথা থাকলেও তিনি এক মিনিটের জন্যও খেলেননি। এতে দর্শক উপস্থিতি ও টিকিট বিক্রিতে বড় ধরনের প্রভাব পড়ে বলে অভিযোগ করেছে কোম্পানিটি।
অভিযোগ আরও জোরালো হয় পরদিনই, যখন মেসি ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেন। কোম্পানির দাবি, এটি প্রমাণ করে যে মেসি শারীরিকভাবে ফিট ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে প্রীতি ম্যাচে অংশ নেননি।
ভিআইডির অভিযোগ অনুযায়ী, মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ম্যাচের ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়, যার ফলে কোম্পানিটির ১০ লাখ ডলারেরও বেশি লোকসান হয়। এছাড়া দর্শকদের জন্য প্রস্তুত করা বিশেষ ব্যবস্থাও ব্যর্থ হয়, যেখানে মেসির পরিবারের জন্য ভিআইপি স্যুইট পর্যন্ত ভাড়া করা হয়েছিল।
এই ঘটনায় চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ফক্স স্পোর্টস