Date: April 29, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / বাড়তি পারিশ্রমিকের দাবিতে কি প্রিন্স-এর শুটিং বন্ধ ছিল শাকিবের? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাড়তি পারিশ্রমিকের দাবিতে কি প্রিন্স-এর শুটিং বন্ধ ছিল শাকিবের?

April 28, 2026 09:59:07 PM   বিনোদন ডেস্ক
বাড়তি পারিশ্রমিকের দাবিতে কি প্রিন্স-এর শুটিং বন্ধ ছিল শাকিবের?

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স মুক্তির পর থেকেই নানা আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে। এবার সিনেমাটির শুটিং ও ডাবিং প্রক্রিয়া নিয়ে সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার দাবি, শুটিং চলাকালে নানা জটিলতা ও অতিরিক্ত পারিশ্রমিক সংক্রান্ত পরিস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে সমস্যা হয়েছিল। তবে নির্মাতা পক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।


গত ঈদুল ফিতরে মুক্তি পায় ঢালিউডের আলোচিত সিনেমা প্রিন্স । নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তবে মুক্তির পর সিনেমাটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রযুক্তিগত জটিলতা ও অসম্পূর্ণ প্রোডাকশন নিয়েও সমালোচনা হয়েছে।

সম্প্রতি একটি সেমিনারে সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু সিনেমাটি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, সিনেমাটির শুটিং ও ডাবিং পর্যায়ে একাধিকবার কাজ বন্ধ রাখতে হয়েছে। এমনকি শ্রীলঙ্কায় টিম ১৬ দিন অবস্থান করলেও পরিকল্পনা অনুযায়ী শুটিং সম্পন্ন হয়নি বলে তিনি দাবি করেন।

তার ভাষ্যমতে, পরবর্তীতে ভারতে ডাবিংয়ের সময় অতিরিক্ত পারিশ্রমিকের দাবি ওঠায় কাজ সাময়িকভাবে বন্ধ থাকে, যা পুরো প্রজেক্টে প্রভাব ফেলে। তিনি আরও বলেন, একটি চলচ্চিত্র ইউনিট দীর্ঘদিন বিদেশে থেকেও কাজ সম্পন্ন করতে না পারা প্রযোজকের জন্য বড় চাপ তৈরি করে।

খসরু আরও দাবি করেন, শুটিং বিলম্ব ও অপ্রতুল ব্যবস্থাপনার কারণে পুরো প্রজেক্টে সমন্বয়ের ঘাটতি দেখা দেয়। তার মতে, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এসব জটিলতা আরও দ্রুত সমাধান করা যেত।

তবে সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এসব অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, শাকিব খান বা সংশ্লিষ্ট কেউ অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন—এমন কোনো ঘটনা ঘটেনি। তার মতে, এসব তথ্য সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

তিনি আরও জানান, শুটিং ও ডাবিং প্রক্রিয়ায় বড় কোনো অভ্যন্তরীণ সমস্যা হয়নি এবং পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের কোনো সত্যতা নেই।

এদিকে সিনেমাটির মুক্তির পর মাল্টিপ্লেক্সসহ বিভিন্ন হলে দর্শকরা প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু হলে প্রদর্শনী ব্যাহত হওয়ায় দর্শকদের মধ্যে হতাশাও দেখা গেছে।

প্রিন্স সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য এবং ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।