


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষায় তার মূত্রনালীতে পাথর ধরা পড়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে দ্রুত সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।
পরে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালীতে পাথরের উপস্থিতি শনাক্ত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সমস্যার সমাধানে অস্ত্রোপচার প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, আকস্মিক অসুস্থতায় পরিবারের সবাই কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতার অসুস্থতার খবরে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।