Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে পূজা চেরীর বাবা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে পূজা চেরীর বাবা

April 25, 2026 06:23:24 PM   বিনোদন ডেস্ক
১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে পূজা চেরীর বাবা

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। ভুক্তভোগীর দায়ের করা প্রতারণা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) ক্যান্টনমেন্ট থানা পুলিশ রাজধানী থেকে দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার বন্ধুদের কাছ থেকে বিভিন্ন ধাপে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় ভুক্তভোগীর বাসায় গিয়ে প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন দেবু প্রসাদ রায়।

পরে একই ব্যবসার অজুহাতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা নেওয়া হয়। এরপর ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।

এছাড়া বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একাধিক ধাপে মোট ১ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করা হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে মামলায়।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়নি। টাকা চাইলে বিভিন্ন অজুহাত ও পরবর্তীতে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও তিনি দাবি করেন। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, তিনি পূজা চেরীর পরিবারের সঙ্গে পরিচয়ের সুযোগে বিশ্বাস করে এই অর্থ লেনদেন করেছিলেন। তবে পরবর্তীতে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। তিনি গণমাধ্যমকে বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি মন্তব্য করেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং লেনদেন সংক্রান্ত নথিপত্র যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।