


বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থা, নারী ও শিশু অধিকার এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর একটি প্রতিনিধিদল সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিশুশ্রম নিরসন এবং নারীর কর্মসংস্থান সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি এ বৈঠকে অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং আইএলওর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায়।
মন্ত্রী জানান, শিশুদের জন্য চাইল্ড কেয়ার ও ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নারী ও শিশুর অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ চলছে।
তিনি আরও বলেন, কেয়ার গিভার প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আইএলওর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
বৈঠকে আরও গুরুত্ব দেওয়া হয় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শহর ও জেলায় শিশু পরিচর্যা সেবা সম্প্রসারণ, দক্ষ পরিচর্যাকারী তৈরির জন্য সনদপ্রাপ্ত ক্যাডার গঠন এবং শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূলের বিষয়গুলোতে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ও নারী উন্নয়ন উদ্যোগ প্রশংসনীয়। আইএলও ভবিষ্যতেও শ্রম অধিকার, লিঙ্গ সমতা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশে থাকবে।
তিনি আরও জানান, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়াতে আইএলও বিভিন্ন টাস্কফোর্স ও অ্যাকশন প্ল্যানের মাধ্যমে কাজ করছে। পাশাপাশি জাতীয় শিশু যত্ন রোডম্যাপ ও মানদণ্ড প্রণয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন—বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঙ্গে আইএলও প্রকল্পের সমন্বয় নিয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে, যাতে বাংলাদেশে সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইএলও প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।