


ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলার আসামি প্রদীপ পাল (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়ােই হাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব-১১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রদীপ পাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ফরিদপুরের Alfadanga Upazila-এর এক নারীর নাম ও ছবি ব্যবহার করে Facebookসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দেন এবং ওই নারীর কাছে চাঁদা দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫, ২৬ ও ২৭ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুর জেলা ইউনিট তদন্ত করছে।
এদিকে জানা গেছে, গত ১৪ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকায় শংকর কুমার পালের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণ, ছিনতাই ও সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।