Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মুখোশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুখোশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

April 17, 2026 08:41:48 PM   দেশেরপত্র ডেস্ক
মুখোশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

বরিশালে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর একদল কর্মী।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এসময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। পাশাপাশি ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তির মুখে সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। অনেকে চশমা পরায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়দের মতে, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। তারা কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সটকে পড়েন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।