Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

April 13, 2026 12:52:56 PM   অনলাইন ডেস্ক
পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। সারাদেশে কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ব্যবস্থা এবং চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

ইভটিজিং ও নারী হয়রানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি। র‍্যাবের আশা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ বছরের নববর্ষ উদযাপন হবে আরও নিরাপদ ও আনন্দময়।