


কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাত্র এক মাসের মধ্যেই প্রেম, এরপর কোর্ট ম্যারেজ—এখন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি। রোববার (১৭ মে) সকালে উপজেলার ধর্মপুর কালিয়টারী গ্রামে চীনা যুবক আনহংওয়েইকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ফুলবাড়ীর ধর্মপুর কালিয়টারী গ্রামের মোরশেদা বেগমের সঙ্গে চীনা নাগরিক আনহংওয়েইর (৩৯)। পরিচয়ের পর দ্রুতই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে গত ৯ মে ঢাকার একটি আদালতে পারিবারিকভাবে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।
মোরশেদা বেগম ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন। তার আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।
বিয়ের পর শনিবার প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসেন আনহংওয়েই। তিনি নিজেকে চীনের নাগরিক ও ওই পরিবারের জামাতা পরিচয় দিলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে এক নজর দেখতে বাড়ির সামনে ভিড় করতে থাকেন স্থানীয়রা।
জানা গেছে, আগামী ৩০ মে এই দম্পতি চীনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চীনা যুবক আনহংওয়েই বলেন, “আমি মুসলমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর মোরশেদাকে বিয়ে করেছি। আমার পরিবারের সঙ্গেও তার অনলাইনে পরিচয় করিয়ে দিয়েছি। আমি তাকে সুখে রাখতে চাই।”
মোরশেদা বেগম বলেন, “আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তার সঙ্গে সুখে থাকতে চাই।”
স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস আলম জানান, চীনা নাগরিক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে বিপুল মানুষের ভিড় দেখতে পান। পরে বিয়ের কাবিননামাও দেখেছেন বলে জানান তিনি।