Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

April 17, 2026 03:51:50 PM   ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি সত্ত্বেও শেষদিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি কিউইরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে ইনিংসের শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ৭ রানে আউট হন ওপেনার নিক ক্যালি।

দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস মিলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উইল ইয়াং ৪২ বলে ৩০ রান করে ফেরেন। এরপর দলনেতা টম লাথামও দ্রুতই ফিরে যান—মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ১৫ বলে ৯ রান করেন তিনি।

ইনিংসের মাঝপর্বে হেনরি নিকোলস দায়িত্বশীল ব্যাটিং করেন এবং অর্ধশতক পূর্ণ করেন। তিনি ৮৩ বলে ৬৮ রান করেন, যেখানে ছিল ৯টি চার। তবে রিশাদ হোসেনের বলে কটবিহাইন্ড হয়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে।

নিকোলসের বিদায়ের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কিছুটা ছন্দ হারায়। জশ ক্লার্কসন মাত্র ৮ রান করে আউট হন। তবে এক প্রান্তে ড্যান ফক্সক্রফট লড়াই চালিয়ে যান এবং ৫২ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ৫৮ বলে ৫৯ রান করে আউট হন, ইনিংসে ছিল ৮টি চার।

শেষদিকে ব্লেয়ার টিকনার ৭ রান, নাথান স্মিথ ২০ রান এবং লেনক্স ১ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড থামে ৮ উইকেটে ২৪৭ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম—তারা প্রত্যেকে ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

ম্যাচে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৮ রান, আর এই রান তাড়া করে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।