Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

April 17, 2026 07:23:00 PM   অনলাইন ডেস্ক
শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা আক্তার (১৭)। তিনি উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ শিক্ষার্থী মার্জিয়া আক্তার মিম (১৭), একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন মিলে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সুবর্ণা ও মার্জিয়া পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও স্বজনরা খবর পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং সুবর্ণার মরদেহ উদ্ধার করেন।

নিখোঁজ মার্জিয়ার ছোট বোন হামিদা আক্তার জানান, তারা কেউই সাঁতার জানতেন না। গোসল করতে নেমেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় প্রথমে উদ্ধার অভিযান চালানো হলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানান, ঢাকার ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয়রা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।