Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিশুকে মুখ চেপে হত্যা, অভিযুক্ত সৎ বাবা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশুকে মুখ চেপে হত্যা, অভিযুক্ত সৎ বাবা আটক

April 17, 2026 06:35:48 PM   দেশেরপত্র ডেস্ক
শিশুকে মুখ চেপে হত্যা, অভিযুক্ত সৎ বাবা আটক

রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির সৎ বাবা অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, ঘটনার সময় শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। ভোরের দিকে শিশুটি কান্না শুরু করলে অভিযুক্ত অপূর্ব বিরক্ত হয়ে শিশুটির মাকে কান্না থামানোর জন্য বলেন। কিন্তু কান্না না থামায় একপর্যায়ে তিনি শিশুটির মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে অপূর্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে অপূর্বকে বিয়ে করেন শিশুটির মা।