


দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, নতুন একটি শক্তিশালী বৃষ্টি বলয় আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে টানা কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগ।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি) সোমবার (১১ মে) তাদের ফেসবুক পোস্টে জানায়, দেশের দিকে একটি নতুন বৃষ্টি বলয় ধেয়ে আসছে। এটি আগামী ১২ বা ১৩ মে উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয় ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। যদিও বৃষ্টি টানা হবে না, তবে বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বলয়টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘস্থায়ী বা বড় আকারের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানানো হয়েছে।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বৃষ্টি বলয় সক্রিয় হলে স্থানীয়ভাবে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণ দেখা দিতে পারে। এতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার পরিস্থিতিও তৈরি হতে পারে।
এ অবস্থায় কৃষক, জেলে ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।