


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এই ঘটনায় দুই জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর বিওপির একটি দল উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় অভিযান চালায়। সেই সময় ২৫ গ্রাম হেরোইনসহ রকি হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
একই দিন রাত আড়াইটার দিকে শুভরাজপুর বিওপির সদস্যরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেন। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এসব পণ্যের মূল্য ৩ লক্ষ ৭ হাজার টাকার বেশি।
এর আগে ১৬ মে সন্ধ্যায় প্রাগপুর বিওপির সদস্যরা গোলাম মাওলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সামিরুজ্জামান হিটু (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা এসব মাদকের মূল্য প্রায় ৩৯ হাজার টাকা।
এছাড়া ওই দিন রাতে রামকৃষ্ণপুর বিওপির সদস্যরা মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, কীটনাশক এবং ১১৬ প্যাকেট বিড়ি উদ্ধার করেন। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৭৮ হাজার টাকা।
৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে বিজিবির এই ধরণ এর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের ধরতে সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে তারা জানায়।