Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী

May 06, 2026 03:12:17 PM   অনলাইন ডেস্ক
দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকাল ১০টা ১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

স্ট্যাটাসে মাদানী জানান, তিনি আল্লাহভীরু জীবনযাপন করতে চান এবং গোনাহ থেকে বেঁচে থাকাই তার প্রধান লক্ষ্য। সেই চিন্তা থেকেই জীবনের একটি কঠিন সিদ্ধান্ত হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তিনি সেই পথে না গিয়ে হালালের মধ্যেই থাকতে চেয়েছেন।

তবে এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্টের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। মাদানী বলেন, বিষয়টি ভাবলেই তার কষ্ট হয়, তবুও তিনি বিশ্বাস করেন এটি আল্লাহর বিধান অনুযায়ী গ্রহণযোগ্য। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি তার প্রথম স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং এ নিয়ে আল্লাহর কাছে বহুবার দোয়া করেছেন।

তিনি বলেন, তাদের আড়াই বছরের সংসার ছিল ভালোবাসা ও বোঝাপড়ায় পূর্ণ। কিন্তু সেই সম্পর্কের মাঝেই এসেছে একটি কঠিন পরীক্ষা। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইনসাফ বা ন্যায়বিচার বজায় রাখার বিষয়টিকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করে তিনি আল্লাহর কাছে সেই তাওফিক কামনা করেন।

স্ট্যাটাসের শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, যেন আল্লাহ তার দুই পরিবারকে ধৈর্য দান করেন এবং এই পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার শক্তি দেন। একই সঙ্গে তিনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্যও সবার দোয়া কামনা করেন।

madani

এই পোস্টটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ সমালোচনাও করছেন—সব মিলিয়ে বিষয়টি এখন জনমনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।