Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / তারেক রহমানের প্রেস সচিব পদে নিযুক্ত সালেহ শিবলী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারেক রহমানের প্রেস সচিব পদে নিযুক্ত সালেহ শিবলী

January 03, 2026 02:00:17 PM   অনলাইন ডেস্ক
তারেক রহমানের প্রেস সচিব পদে নিযুক্ত সালেহ শিবলী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী। শনিবার (৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে, এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সালেহ শিবলী নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও সাংবাদিকতা বিষয়ে নিয়মিত নিবন্ধ প্রকাশ করে আসছেন। জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (KFAW) দ্বারা প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রীজ-এ তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবাস জীবনে তিনি লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিবলী গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন এবং বর্তমানে অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টার-এর সঙ্গে নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন।

সালেহ শিবলীর সাংবাদিকতা ও প্রশাসনক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা তাকে বিএনপির প্রেস সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।