Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / জয় বাংলা স্লোগান দিলে ছাড় নেই-শুভেন্দুর হুঁশিয়ারি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয় বাংলা স্লোগান দিলে ছাড় নেই-শুভেন্দুর হুঁশিয়ারি!

May 17, 2026 01:40:04 PM   আন্তর্জাতিক ডেস্ক
জয় বাংলা স্লোগান দিলে ছাড় নেই-শুভেন্দুর হুঁশিয়ারি!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফের বিতর্ক তৈরি হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারকারী বা বাংলাদেশ-সম্পর্কিত স্লোগান দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ফলতা বিধানসভার পুননির্বাচনি প্রচারের জনসভায় দেওয়া এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

জনসভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ বণ্টন ও প্রশাসনিক কার্যক্রমে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বলেন, আবাস যোজনা, আম্ফান ত্রাণ, কৃষক সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয় এবং ১০০ দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কারও বিরুদ্ধে প্রমাণ থাকলে সরাসরি জেলে পাঠানোর কথাও উল্লেখ করেন।

শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হবে। তিনি দাবি করেন, বিজেপি শাসনামলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে এবং বহু কর্মী নিহত হয়েছেন। তাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি যেমন জনগণনা কার্যক্রম, বিএসএফের ভূমি হস্তান্তর এবং নাগরিকত্ব সংশ্লিষ্ট নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

এদিকে একই এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন একাধিক বুথে ইভিএমে সমস্যা, অনিয়ম এবং সিসি ক্যামেরা বন্ধ করার ঘটনা ঘটেছে।

এই অভিযোগের ভিত্তিতে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।