Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া, ঢাকাসহ বড় শহরে নতুন হার ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া, ঢাকাসহ বড় শহরে নতুন হার ঘোষণা

April 23, 2026 01:34:18 PM   দেশেরপত্র ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া, ঢাকাসহ বড় শহরে নতুন হার ঘোষণা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এই ভাড়া কাঠামো নিয়ে পরিবহন মালিক ও সরকারের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা আসে।


আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানান। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব মোকাবিলায় বাসভাড়া সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলার সব ধরনের বাস চলাচলে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা করে বৃদ্ধি পাবে।

নতুন ভাড়া কাঠামোতে-
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রতিনিধি এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে নগর ও আন্তঃজেলা রুটে নতুন ভাড়া কাঠামো অনুযায়ী যাত্রীদের গুনতে হবে বাড়তি খরচ। এতে সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।